সর্বকালের সেরা বক্সার হিসেবে পরিচিত মোহাম্মদ আলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাচঁদিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী এক শোক বাণীতে মোহাম্মদ আলীর তিন দশকের বক্সিং ক্যারিয়ারে তিনবার বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের অবিশ্বাস্য পারফরমেন্স স্মরণ করেন।
বাণীতে তিনি বলেন, মোহাম্মদ আলী ছিলেন সর্বকালের সেরা বক্সার এবং তিনি বাংলাদেশসহ সারা বিশ্বে বক্সিংকে জনপ্রিয় ইভেন্টে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বলেন, পাশাপাশি মোহাম্মদ আলী ছিলেন মহান ব্যক্তিত্বদের একজন। তিনি সারা বিশ্বে বঞ্চিত ও নির্যাতিতদের অধিকার আদায়ে ছিলেন সব সময়ে সোচ্চার।
মোহম্মদ আলী গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আরিজোনার ফিনিক্সে স্থানীয় সময় সন্ধ্যায় পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘ ৩৫ বছর পারকিনসন্স রোগে ভুগছিলেন।
মোহম্মদ আলী ১৯৭৮ সালে স্ত্রীকে নিয়ে পাচঁদিনের সফরে বাংলাদেশে আসেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তার হাজার হাজার ভক্ত তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। মোহাম্মদ আলীকে বাংলাদেশের অনারারি নাগরিকত্ব দেয়া হয়। পল্টনের বক্সিং ষ্টেডিয়ামের নামকরণ করা হয় তার নাম অনুসারে।


