রবিবার ৮ নভেম্বর ২০২৬

ব্যালট পেপার ছিনতাই, ভোটগ্রহণ স্থগিত

Elections Pic 1ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন পরিষদের তেলীহারা মহিউদ্দিন আলীম মাদরাসা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন ইউপি সদস্য প্রার্থীর অর্ধশতাধিক কর্মী সমর্থক ভোটকেন্দ্রে প্রবেশ করে ৬টি ব্যালট পেপারের বই এবং ৪টি সিল ছিনতাই করে নিয়ে যায়। এসময় ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরব ভূমিকা পালন করে। ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরে বিজিবি সদস্যরা ভোটকেন্দ্রে পৌঁছে রাকিবুল ইসলাম ও রেজাউল করিম নামের দুইজন পোলিং এজেন্টকে আটক করে।

ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার করা যায়নি।

অপরদিকে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, ইউপি নির্বাচনের শেষ ধাপে শনিবার বগুড়া সদর উপজেলার ১১টি, শাজাহানপুর উপজেলার ৮টি এবং সোনাতলা উপজেলার ১টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

আরও পড়ুন