বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আদালত অবমাননাকারী সচিবদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

highcourtসড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্বাস্থ্য সেবা বিষয়ে আদেশ না মানা স্বাস্থ্য এবং সড়ক পরিবহন ও সেতু সচিবসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে তাদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন আক্তার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত জাতীয় সড়ক নিরাপত্তাসংক্রান্ত কর্মপরিকল্পনা ২০১৪-১৬ অনুযায়ী রাষ্ট্রের সব হাসপাতালে ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, তার একটি অগ্রগতি প্রতিবেদন তিন মাসের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন।

একইসঙ্গে স্বাস্থ্যসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং চিকিৎসাপ্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোথায় অভিযোগ দাখিল করবেন, সে বিষয়ে নীতিমালা তৈরি এবং এ বিষয়ে গণমাধ্যমে সচেতনতা তৈরি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

এছাড়া হাইকোর্ট স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত কোনো ব্যক্তিকে জরুরি চিকিৎসাসেবা দিতে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা দুর্ঘটনাস্থলে উপস্থিত কোনো ব্যক্তি যদি সাহায্যের জন্য এগিয়ে আসে, তবে তাদের সুরক্ষার জন্য একটি নির্দেশনা তৈরির নির্দেশনা দেয়া হয়েছিল।

তিন মাস অতিবাহিত হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী এসব বিষয়ে কোনো অগ্রগতি প্রতিবেদন দেয়া হয়নি।

এ কারণে স্বাস্থ্যসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনটি দায়ের করেছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস (ব্লাস্ট) ও সৈয়দ সাইফুদ্দীন কামাল।

আরও পড়ুন