বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আরো ৪ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট

Khaleda_Ziaনাশকতার আরো ৪ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চারটি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

সোমবার ঢাকা সিএমএম আদালতে দারুস সালাম থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রায়হানুজ্জামান তিনটি এবং একই থানার উপপরিদর্শক যোবায়ের একটি অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে খালেদা জিয়া ছাড়া অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ।

চারটি চার্জশিটেই খালেদা জিয়াকে আসামি করা হয়েছে। খালেদা জিয়াসহ ৯৭ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। চার মামলায় আমানউল্লাহ আমান জামিনে রয়েছেন।

অভিযোগপত্র দাখিলকৃত মামলার মধ্যে- দারুস সালাম থানার ৫(২)১৫ নম্বর মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানাধীন দারুস সালাম রোডস্থ এ্যাপেক্স শোরুমের সামনে রাতে নিউ পল্লবী এক্সপ্রেস লি: এর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতিকারীরা। এ সময় উপস্থিত লোকজন জানান, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে হরতাল অবরোধ কর্মসূচি চলাকালে পার্কিং করা বাসে ড্রাইভার ও হেলপারদের হত্যার উদ্দেশ্যে আসামিরা পরস্পর যোগসাজশে দেশকে অস্থিতিশীল করে বৈধ সরকারকে উৎখাত করার জন্য অগ্নিসংযোগ করেছে। ওই ঘটনায় দারুস সালাম থানার এস আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন।

দারুস সালাম থানার ২৯(২)১৫ নম্বর মামলার অভিযোগ জানা গেছে, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি নিউ ঢাকা লিংক বাসে আগুন দেয় দুস্কৃতকারীরা। ওই ঘটনায় দারুস সালাম থানার এসআই কামরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

দারুস সালাম থানার ৩১(২)১৫ নম্বর মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোডের জমিদার বাড়ির পার্শ্ববর্তী এবি ব্যাংকের এটিএম বুথের সামনে ইতিহাস পরিবহন নামীয় মিনিবাসে রাতে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতকারীরা। ওই ঘটনায় দারুস সালাম থানার এস আই কামরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

১৫(৩)১৫ নম্বর মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৫ মার্চ রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুরে স্থাপিত এক নম্বর মুক্তি প্লাজার পূর্বপাশের রাস্তায় চলাচলরত প্রজাপতি পরিবহনের বাসে রাতে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতকারীরা। ওই ঘটনায় দারুস সালাম থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

সোমবার দাখিলকৃত চারটি অভিযোগপত্রসহ গত এক মাসের মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একই থানার ৯টি মামলায় চার্জশিট দাখিল করা হলো।

গত ৫ এপ্রিল খালেদা জিয়া আদালতে আত্মসমর্পন করে যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় এবং গুলশান থানার একটি মামলায় জামিন নেন।

আরও পড়ুন