মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দুই শতাধিক স্কুল-কলেজকে পাঠদানের অনুমতি দেওয়ার ঘটনায় শিক্ষা বোর্ডের ১৯ পরিদর্শককে কারণ দর্শাতে নোটিস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহী রহমান।
এসব পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ- তারা নামসর্বস্ব ও মানহীন অনেক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ বেআইনিভাবে পাঠদানের অনুমতি দিয়েছে। একই অভিযোগ মাধ্যমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তরের স্বীকৃতিতেও। এসব অনুমোদন পাইয়ে দেওয়ার বিনিময়ে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ ওঠে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহী রহমান বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া পাঠদানের অনুমতির কোনো এখতিয়ার শিক্ষা বোর্ডের নেই। এটা কোনোভাবেই বোর্ড করতে পারে না। অনুমতির জন্য মন্ত্রণালয়ের একটি কমিটিও আছে। যে কমিটি নির্দিষ্ট সময় পর পর বৈঠকে বসে অনুমতির কাজ করে। এ কমিটির আমিও একজন সদস্য, মন্তব্য করে রুহী রহমান বলেন, অবশ্যই বোর্ড এটা করতে পারে না। এ ক্ষমতা বা এখতিয়ার বোর্ডের নেই।


