এখন থেকে এক মোটরসাইকেলে যাতে তিন জন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আগের দিন চট্টগ্রামে একটি মোটরসাইকেলের তিন আরোহীর হামলায় এসপি বাবুল আক্তারের স্ত্রী নিহত হওয়ার প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন থেকে মোটরসাইকেলে তিন জন চলা যাবে ন। তিন জন চললে বাধা দেব, ধরব, চেক করব, লাইসেন্স চেক করব।
“কোনোভাবেই তিন জন নিয়ে মোটরসাইকেল চলতে দেব না।”
উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
রোববার সকালে ও আর নিজাম রোডের বাসা থেকে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।
মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী জিইসি মোড়সংলগ্ন মিষ্টির দোকান ওয়েল ফুডের সামনে মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
ওই মোটরসাইকেলটি এর মধ্যে জব্দ করা হয়েছে বলে পুলিশ যে দাবি করছে, তার কথা স্বরাষ্ট্রমন্ত্রীও বললেন, “ওই মোটরসাইকেলটি এর মধ্যেই আমরা উদ্ধার করত সক্ষম হয়েছি।”
পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা এই ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে মন্তব্য করে কামাল বলেন, “পুলিশ কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি আমরা দেখব।”
পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে কিছুদিন আগে ঢাকার পুলিশ সদরদপ্তরে যোগ দেওয়ার আগে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে চট্টগ্রামে ছিলেন বাবুল আক্তার। সে সময় জঙ্গি দমন অভিযানে সাহসিকতার জন্য প্রশংসিত হন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা বলছেন, জঙ্গি দমনে বাবুলের ভূমিকার কারণেই তার স্ত্রীকে এভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
এই খুনের সঙ্গে সাম্প্রতিক বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজকদের হামলার মিল রয়েছে; যেসব ঘটনায় জঙ্গিরাই মূল সন্দেহভাজন।
এদিকে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে জেএমবির সংশ্লিষ্টতাকে প্রধান্য দিয়ে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, “জেএমবির সংশ্লিষ্টতাকে প্রাধান্য দিয়ে খতিয়ে দেখছি, কারা এ ঘটনা ঘটিয়েছে। শুরুতে একটি বিষয় নিয়ে পড়ে থাকলে হচ্ছে না। সব কিছু নিয়ে আমাদের এগোতে হচ্ছে।”
রাতভর অভিযানের মধ্যে একটি মোটরসাইকেল জব্দ করার কথা তিনিও বললেন।
এই হত্যার ঘটনায় পাঁচলাইশ থানার এসআই ত্রিরতন বড়ুয়া রোববার রাতে একটি মামলা করেছেন, যাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
সিএমপি কমিশনার ইকবাল বলেন, “মূলত ডিবি (গোয়েন্দা শাখা) এই তদন্ত করবে সব বিভাগের সহযোগিতা নিয়ে।”


