বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তনুর ডিএনএ প্রতিবেদন হস্তান্তর, দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন রোববার

tonu---কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পুরো ডিএনএ প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ফরেনসিক বিভাগে হস্তান্তর করেছে সিআইডি। মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই ডিএনএ প্রতিবেদন মেডিকেল বোর্ড প্রধানের কাছে হস্তান্তর করা হয়। এখন তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আগামী রোববার দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ও দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেন, ‘সিআইডি তনুর ডিএনএ প্রতিবেদনটি আমাদের নিকট হস্তান্তর করেছে। মেডিক্যাল বোর্ডের এক সদস্য মামলার হাজিরার কারণে কুমিল্লার বাইরে রয়েছেন। তিনি ফিরে আসলে এ নিয়ে শনিবার আলোচনা করব। আশা করছি রোববার তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দিতে পারব।’

এর আগে আজ দুপুর সোয়া ১২টায় সিআইডি কুমিল্লার এএসআই মোশাররফ হোসেন ও কনস্টেবল শাহ আলম তনুর ডিএনএ প্রতিবেদন কামদা প্রসাদ সাহার নিকট হস্তান্তর করেন।

গত রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম ডিএনএর পুরো প্রতিবেদনটি দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ দেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের বাসার নিকট পাওয়া যায়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনটি দেন ময়নাতদন্তকারী কর্মকর্তা। পরে আদালতের আদেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়।

আরও পড়ুন