রাজধানীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য ও রাবি শিক্ষক রেজাউল করিম খুনে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, নিহত ওই দুই ‘জঙ্গি’ বগুড়ার শিয়া মসজিদে হামলায়ও অংশ নিয়েছিল।
তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধে’ নিহত একজনের নাম তারেক হোসেন মিলু ওরফে ইসমাইল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় পরিকল্পনার নেতৃত্বে ছিলেন তিনি। তার বাড়ি জয়পুরহাট।
কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ’বন্দুকযুদ্ধে’ নিহত আরেকজনের নাম সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল। তিনি বগুড়ার শিয়া মসজিদে গুলি চালিয়ে একজনকে হত্যা করেছেন। তার বাড়ি দিনাজপুরে।
প্রসঙ্গত, সোমবার দিবাগত রাতে পল্লবীর কালশী এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায় ডিবি। সেখানে ৪/৫ জন সন্ত্রাসী অবস্থান নেয়।
তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই দুই জঙ্গি নিহত হন।
পুলিশ জানিয়েছে, বাকিরা পালিয়ে যায়।


