রবিবার ৮ নভেম্বর ২০২৬

বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা শুরু ১০ জুলাই

Citmahalবিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার তালিকা প্রস্তুতের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিলুপ্ত ১১১ ছিটমহলে ভোটার যোগ্য নাগরিকদের তালিকাভুক্ত করতে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ শুরু হচ্ছে ১০ জুলাই, চলবে ২৫ জুলাই পর্যন্ত।

আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ভোটের আয়োজন করতে চায় ইসি।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার বলেন, ১১১ ছিটমহলের ৩৭ হাজার ৫৩৫ জনকে বাংলাদেশি নাগরিকত্ব দেয়া হয়েছে। এদের মধ্যে ভোটাধিকার যোগ্যদের তালিকাভুক্ত করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফরম পূরণের জন্যে রোজার মধ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ শেষ করা হবে।

তিনি জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে ১০ জুলাই থেকে ১৬ পর্যন্ত। ছবি তোলা ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন চলবে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত।

আর খসড়া তালিকা প্রকাশ করা হবে ১ আগস্ট। ভোটার তালিকা নিয়ে দাবি, আপত্তি এবং শুনানি ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।

ইসি কর্মকর্তারা জানান, বিলুপ্ত ছিট পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদগুলোয় অন্তর্ভুক্ত হওয়ায় এবং নাগরিকদের ভোটার তালিকাভুক্ত শেষ হলে নির্বাচনের আর বাধা থাকবে না। ৩৭ হাজার ৩৫৩ জন নাগরিকের মধ্যে প্রায় ৬০ শতাংশ লোক ভোটার তালিকাভুক্ত হতে পারেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বলে জানান ইসি কর্মকর্তা।

এর আগে চলতি বছরের মার্চে ইউপি ভোট চলার সময় বিলুপ্ত ছিটমহলের ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন না হওয়ায় ১৫টির তফসিল বাতিল করে ইসি। ইউপিগুলো হলো- পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘি, কাজলদীঘি কালিয়াগঞ্জ, মারেয়া, বামোনহাট, বড়শশী; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী সদর, পাথরডুবী, শিলখুড়ি; লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর বুড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ি, জগতবেড়, জোংড়া, বাউরা এবং হাতিবান্ধা উপজেলার গোতামারী।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, ১ আগস্ট প্রথম প্রহর থেকে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়। এর বাসিন্দারাও বাংলাদেশের নাগরিক হয়ে যান। একইভাবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায়।

আরও পড়ুন