রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতার কারণেই দেশব্যাপী খুন-জখম ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বলছে, সরকারের জঙ্গিবাদ নির্মূল অভিযানের অঙ্গীকার একটা রাজনৈতিক চতুর কৌশল ও চরম ধাপ্পাবাজি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের উদাসীনতা জনগণকে কৃঞ্চগহ্বরের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটাকে এড়ানোর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার হিড়িক পড়েছে।
রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেই দেশের সামাজিক রাজনৈতিক ভারসাম্য একেবারে ধ্বংস হয়ে গেছে। জঙ্গিদের মতো অশুভ হিংস্রদের আস্তানা খুঁজে বের করার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছে। সকল দিকে থেকে এ সরকার ব্যর্থ।
রিজভী বলেন, ক্ষমতা জবরদখলকারী সরকার কোনোভাবেই নিজেদের অপকর্মের কলঙ্ক ঢাকতে পারছে না। এদের আমলেই জঙ্গিরা বেপরোয়া হয়ে উঠেছে। ভিন্ন মতের মানুষ, ব্লগার, সংখ্যালঘু ধর্মযাজক, পুরোহিতসহ নানা সম্প্রদায়ের মানুষ এদের নিশানায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও তাদের পরিবার জঙ্গি চক্রের শিকার হচ্ছে। এর নজির দেখা গেল চট্টগ্রামে পুলিশের এসপির স্ত্রী মাহমুদা খানমের হত্যার মধ্য দিয়ে।
তিনি বলেন, ধারাবাহিক ও পরিকল্পিত হত্যাকাণ্ডগুলো নিয়ে সরকারের কোনো বাহিনী এখন পর্যন্ত কোনো হদিসই বের করতে পারেনি। মর্মান্তিক এ সমস্ত হত্যাকাণ্ডের পরও ক্ষমতা জোর করে আঁকড়ে রাখা সরকারের আত্মতুষ্টির কোনো কমতি নেই। নাটোরে খ্রিষ্টান মুদি দোকানি হত্যার পর সারা দেশ আতঙ্কের চাদরে ঢেকে গেছে উল্লেখ করে রিজভী বলেন, এতকিছুর পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাসের জন্য অপরিহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হাইজাম্প দিয়ে দিয়ে আকাশচুম্বী হয়েছে। ছোলা, বেগুনসহ কাঁচা তরিতরকারি, রসুন, চিনি, খেজুরসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারের লোকরাই সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়েছে। এ সময় তিনি দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিলেরও দাবি জানান রিজভী।


