বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অবৈধ শরণার্থীদের আটক নয়: ইইউ আদালত

eu_15468_1465354935ইইউ ভূক্ত দেশগুলোতে কোন ব্যক্তিকে শুধুমাত্র অবৈধ প্রবেশের জন্য আটক করা যাবে না বলে রায় দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস।

রায়ে বলা হয়, অনুপ্রবেশকারী শরণার্থীদের আটক না করে বরং যেসব অভিবাসী অবৈধভাবে ইইউভুক্ত দেশগুলোতে অবস্থান করছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া যেতে পারে। খবর বিবিসির।

ইউরোপের শেনজেন পাসপোর্টমুক্ত এলাকা দিয়ে যারা অবৈধভাবে ইউরোপে প্রবেশ করবে কেবল তাদের ক্ষেত্রেই এ রায় কার্যকর হবে। সম্প্রতি চ্যানেল টানেলে প্রবেশ করার সময় ঘানার এক নাগরিক বেলজিয়াম ভ্রমণের ভুয়া কাগজপত্রসহ ফরাসি পুলিশের হাতে ধরা পড়েন।

সেলিনা আফুম নামের ওই নারীকে অবৈধপথে ফ্রান্সে প্রবেশের দায়ে পুলিশি হেফাজতে নেয়া হয়। যদিও ইইউ-র ‘রিটার্ন ডিরেকটিভ’ অনুযায়ী এ আটক বেআইনি। পরে ফ্রান্স আফুমের মামলাটি ইউরোপের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে পাঠায়। আফুমের করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এ রায় দেয় আদালত।

ইইউ-র ‘রিটার্ন ডিরেকটিভ’ অনুযায়ী, শেনজেন অঞ্চলে অবৈধপথে প্রবেশ করা কোনও শরণার্থীকে ৩০ দিনের মধ্যে সেখান থেকে স্বেচ্ছায় চলে যেতে বলতে হবে। যদি ওই সময়ের মধ্যে সে না যায় তবে তাকে তাড়াতে অতিমাত্রায় জোর করা যাবে না বা তার জীবন ঝুঁকির মধ্যে ফেলা যাবে না।

তবে কোনো শরণার্থীকে বিতাড়ন করার সিদ্ধান্ত গ্রহণ করার পর সে যদি যেতে রাজি না হয় অথবা বিতাড়িত করার পরও কোনও শরণার্থী যদি পুনরায় শেনজেন অঞ্চলে প্রবেশের চেষ্টা করে তবে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

তবে এ রায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে কার্যকর হবে না। কারণ, এই দুইটি দেশ শেনজেন অঞ্চলভূক্ত নয়। ডেনমার্কেও এ আইন কার্যকর হবে না। যদিও দেশটি শেনজেন অঞ্চলভূক্ত। কিন্তু ইইউ’র বিচার কৌশলের সঙ্গে তাদের মতবিরোধ রয়েছে।

আরও পড়ুন