ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাইজেরিয়ান নাগরিক কিংসলে লিভিং স্টোন ও বাংলাদেশি নাগরিক সোনিয়া শারমিনকে আটক করা হয়।
আটকদের মধ্যে সোনিয়া শারমিন এর আগেও একবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটির প্রধান মনিরুল ইসলাম। তিনি আরো জানান, বুধবার রাত ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। এদের মূল টার্গেট ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্যাদি পরিবর্তন করে টাকা হাতিয়ে নেয়া।


