সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত গুপ্তহত্যার ব্যাপারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের সমালোচনা করেছেন সাবেক সাংসদ মেজর মো. আখতারুজ্জামান (অব.)। বৃহস্পতিবার নিজের ফেসবুকে পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন।
স্ট্যাটাসে মেজর আখতার লিখেন, ‘তিনি আমাদের প্রধানমন্ত্রী। উনার কাছেতো সব তথ্যই থাকবে। জানিনা মাননীয় প্রধানমন্ত্রী কাদের বিরুদ্ধে পাই পাই হিসাব নেবার ভয় দেখাচ্ছেন!! তিনি যখন সব গুপ্তহত্যার খবর রাখেন তাহলে গত ৭ বছরে যারা গুপ্ত হত্যার শিকার হয়েছে তাদের দায় দায়িত্ব কি মাননীয়া প্রধানমন্ত্রী উনার নিজের কাঁধে তুলে নিলেন!!! মাননীয়া প্রধানমন্ত্রীকে বিনীতভাবে নিবেদন করতে চাই আপনার অনেক মন্ত্রী আছে তাদের সবার ব্যর্থতার দায় দায়িত্ব আপনার একার কাঁধে নেয়া ঠিক হবে না। তাহলে সুযোগ সন্ধানীরা সুযোগ নিবে যার ঝুঁকি নেয়া বুদ্ধিমানের কাজ হতে পারে না।’
তিনি আরও লিখেন, ‘মাননীয়া প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই কারো পাই পাই হিসাব নেয়ার ক্ষমতা কিন্তু আল্লাহ বা সংবিধান প্রধানমন্ত্রীকে দেয় নাই। যদি সেই কাজ কোন প্রধানমন্ত্রী করতে যান তাহলে তা বাড়াবাড়ির পর্যায়ে পড়বে। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।
বিনিত
মেজর অব. মো. আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য।


