জঙ্গি দমনে শুরু হওয়া দেশব্যাপী সাঁড়াশি অভিযানের প্রথম দিনেই ৩৭ জঙ্গিসহ ৩ হাজার ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি শুটারগান, ১ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গান পাউডার, ১৫টি ককটেল, ২১টি জিহাদি বই, ১৫টি ব্যক্তিগত ডায়েরি এবং ৭৫৭টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান বাংলামেইলকে এ তথ্য জানান।
তিনি জানান, ৩৭ জঙ্গির মধ্যে ২৭ জন জেএমবি (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ), ৭ জন জেএমজেবি (জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ) এবং বাকি ৩ জন অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্য। ঢাকা রেঞ্জের গাজীপুর জেলা ১ জন জেএমবি, ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ জেলা ১ জন জেএমবি, শেরপুর জেলা ১ জন জেএমবি, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলা ৭ জন জেএমজেবি, ২ জন জেএমবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩ জন জেএমবি, সিরাজগঞ্জ জেলা ১ জন জেএমবি, বগুড়া জেলা ১১ জন জেএমবি, খুলনা রেঞ্জের নড়াইল জেলা ১ জন জেএমবি, রংপুর রেঞ্জের দিনাজপুর জেলা ২ জন জেএমবি, গাইবান্ধা জেলা ১ জন জেএমবি, কুড়িগ্রাম জেলা ২ জন জেএমবি, ডিএমপি, ঢাকা ৩ জন এবং আরএমপি, রাজশাহী ১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলায় মোট ৩ হাজার ১৫৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন এবং মাদক উদ্ধার মামলায় রয়েছে ৩৫৮ জন।


