শুল্ক গোয়েন্দাদের নজর এড়াতে শুল্ক ফাঁকি দিয়ে আনা মার্সিডিজ বেঞ্জ গাড়িতে রঙ পাল্টানো হয়েছে। তবে তাতেও লাভ হয়নি, ধরা পড়তেই হয়েছে। সোমবার দুপুরের দিকে রাজধানীর বারিধারায় গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
বিষয়টি নিশ্চিত করেন শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান। জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি রাজধানীতেই ব্যবহার হচ্ছিল। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে গাড়িটির মূল সাদা রঙ পরিবর্তন করে এটাকে নীল রং করা হয়েছিল।
এর আগে রোববার বারিধারা জে ব্লক এলাকা থেকে ৪টি বিলাস বহুল গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। ২০০৮-২০১৩ সালের মধ্যে শুল্ক ফাঁকি দিয়ে ‘কার্নেট ডি প্যাসেজ’ সুবিধার অপব্যবহার করে গাড়িগুলো বাংলাদেশে আনা হয়েছিল।


