পুলিশের জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে বিগত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ হাজার ২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে ৩৪ জন গ্রেফতার হয়েছেন জঙ্গি সন্দেহে। বাকিরা ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি।
গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেফতার আসামিদের মধ্যে পরোয়ানার ২ হাজার ৫৭৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন, মাদক উদ্ধার মামলায় ১৬০ জন ও অন্যান্য মামলায় ৪৮৮ জন রয়েছেন।
এ নিয়ে গত শুক্রবার থেকে সাঁড়াশি অভিযানে গ্রেফতার হল ৮ হাজার ৫৬৯ জন, যার মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ১১৯ জনকে।
এর আগে গত শুক্রবার সকাল থেকে গত শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে সারাদেশে গ্রেফতার করা হয়েছে ৩ হাজার ১৯২ জনকে। তাদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে ৩৭ জন।
এরপর শনিবার সকাল থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২ হাজার ১৩২ জনকে গ্রেফতার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৪৮ জনকে।
গত ৫ জুন চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে মাহমুদা খানম মিতু হত্যার পর শুক্রবার থেকে সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। এ অভিযান সাত দিন চলবে।


