সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন ও হিমায়িত মাংস বিক্রি করার দায়ে রাজধানীর মোহাম্মদপুরের সুপার শপ মীনা বাজারকে ১ লাখ ৫০ হাজার টাকা জনিমানা করা হয়েছে। একই সঙ্গে উত্তরা ৪ নং সেক্টরের আগোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরো তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ অভিযানে প্রতিষ্ঠানগুলোর জরিমানা করা হয়। সোমবার দুপুরে ডিএনসিসির অঞ্চল-৫ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) এস এম অজিয়র রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানের শুরুতেই মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনের পার্কিংয়ের জায়গায় বসা ফলের দোকান, কনফেকশনারির দোকানের ফ্রিজ ও অন্যান্য মাল তুলে দেয়া হয়। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে মালামাল সরিয়ে নেয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়।
অজিয়র রহমান জানান, সিটি করপোরেশন আইন ২০০৯, তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ এবং ভোক্তা অধিকার আইনের ২০০৯ আওতায় ৫টি মামলা করা হয়। এতে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মিনা বাজারকে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়। অবৈধ দখলের দায়ে আরও দুটি দোকানকে ২০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এতে মোহাম্মদপুর টাউন হল এলাকায় দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরো জানান, ডিএনসিসির কেন্দ্রীয় বাজার মনিটরিং কমিটি-১ উত্তরা ৬ নং সেক্টরের মীনা বাজার, বিডিআর বাজার এবং ৪ নং সেক্টরের আগোরা এলাকায় অভিযান চালায়। অধিকাংশ এলাকায় দ্রব্যমূল্য স্থিতিশীল পাওয়া যায়। তবে কিছু কিছু স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে।
অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি জে এস এম এম সালেহ ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


