দেশব্যাপী চলমান জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে আরও ২১ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এনিয়ে পাঁচ দিনে গ্রেফতার হয়েছে ১১৭০৫ জন, তাদের মধ্যে ১৬৬ জন জঙ্গি রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৭ জন, হিযবুত তাহরীর একজন, আনসারুল্লাহ বাংলা টিমের দুজন ও হরকাতুল জিহাদের একজন রয়েছেন।
তবে গ্রেফতারি পরোয়ানা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত অভিযান গত ১৩ জুন শেষ হওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা হয়নি।
বিশেষ অভিযানের পাঁচ দিনে ১১ হাজার ৭০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৬৬ জঙ্গিকে গ্রেফতার করার দাবি জানালো পুলিশ।
প্রসঙ্গত, গত ৬ জুন থেকে শুরু জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শেষ হবে ১৭ জুন।


