মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশন মঠের স্বামী সেবানন্দ নামে এক গুরুকে ধর্ম প্রচারে নিষেধ করে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
বুধবার রাতে কম্পিউটার টাইপ ও হাতের লেখায় হুমকি সংবলিত চিঠিটি মিশনে আসে বলে ওয়ারী থানায় করা এক সাধারণ ডায়েরিতে (জিডি) অভিযোগ করেছেন তিনি।
ওয়ারী থানার এসআই মনির আহমেদ বলেন, রাত ৯টার দিকে মিশনের ওই ধর্মগুরু হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডি করেছেন।
চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে।
এসআই মনির আরও জানান, চিঠিতে ওই ধর্মগুরুর উদ্দেশে বলা হয়- বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র। এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্ম প্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে।
তবে কোন মাসের ২০ থেকে ৩০ তারিখ সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ নেই।
রামকৃষ্ণ মিশনের ওই ধর্মগুরুর নামে আসা চিঠিটির খামের উপরে প্রেরকের ঠিকানায় এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমণ্ডি, ঢাকা রয়েছে।
পুলিশ কর্মকর্তা মনির বলেন, থানায় জিডির পর রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


