হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল। শুক্রবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মামুন খান ও মুরাদ খান। তাদের বাড়ি গাজিপুরে।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুরে দুই ভাই সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন বলে ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল নিশ্চিত করেছেন। তিনি জানান, “গ্রিন চ্যানেল পার হওয়ার আগে দুই ভাইয়ের দেহ তল্লাশি করে চার কেজি সোনার বার ও ১০ কেজি ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা পাওয়া যায়। সিঙ্গাপুর থেকে তারা অবৈধভাবে সোনাগুলো নিয়ে আসে। জব্দ করা সোনার বাজার দর প্রায় সাত কোটি ১৬ লাখ টাকা।”
আটক হওয়া দুই ভাই গত ১৪ জুন বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।


