বুধবার ৪ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে আদালত থেকে পলায়ন বাংলাদেশি যুবকের

jail_219301ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাপ্রাপ্ত এক বাংলাদেশি যুবক পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা দায়রা জজ আদালতের লকআপ থেকে পালিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। পলাতক আসামির নাম সিরাজুল মিয়া। তার বাড়ি বাংলাদেশের লালমনিহাটের পাটগ্রাম উপজেলায়। গত ৭ জানুয়ারি কাঁটাতারের বেড়া টপকে শীতলকুচি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে তিনি ধরা পড়েন। এরপর ছয় মাস তিনি মাথাভাঙা জেলেই বন্দি ছিলেন।

এরপর বৃহস্পতিবার তাকে মাথাভাঙা আদালতে হাজির করা হয়। আদালত অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সিরাজুলকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়।

আদালতের আদেশের পর কোর্টের লকআপে রাখা হয় আসামিকে। আর সেখান থেকেই আসামি উধাও হয়ে যায়। এ ঘটনায় কোর্টচত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে মাথাভাঙার এসডিপিও অতুল বিশ্বনাথন। পলাতক আসামির খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। সীমান্ত এলাকাতেও চলছে নজরদারি।

মাথাভাঙা বার অ্যাসোশিয়েশনের সভাপতি রবীন্দ্র নাথ রায় বসুনীয়া বলেন, আসামির নজড়দারিতে ঢিলেঢালা ভাব এর জন্য দায়ী। নিরাপত্তার কোনো ফাঁক ছিল কি-না খতিয়ে দেখা উচিত।

আরও পড়ুন