বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর বসবে চলতি বছরের নভেম্বর মাসের ৬ তারিখ। রোববার বিসিবির বোর্ড সভা শেষে খবরটি জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
২০১২ সালে মাঠে গড়ায় জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্লাডিয়েটর্স। এরপর ২০১৩ সালে অনুষ্ঠিত হয় বিপিএলের দ্বিতীয় আসর।
সেবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা গ্লাডিয়েটর্স। কিন্তু নানা বিতর্ক আর অনিয়ম জেকে বসে এই জনপ্রিয় ক্রিকেট আসরে। ম্যাচ পাতানোর দায়ে অনেককে সাজাও দেওয়া হয়। নানা বিতর্ক মাথায় নিয়ে ২০১৪ সালে আর মাঠে গড়ায়নি বিপিএলের আসর।
এক বছর বিরতি দিয়ে ২০১৫ সালে আবার মাঠে গড়ায় বিপিএলের তৃতীয় আসর। এবার অবশ্য শান্তিপূর্ণ ও যথাযথভাবে আয়োজিত হয়। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সবকিছু ঠিকঠাক থাকলে দারুণ উন্মাদনার এই বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়াবে নভেম্বর মাসে।


