রাজধানীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার গভীর রাত খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশ পট্টি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার গভীর রাত খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশ পট্টি এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই অজ্ঞাত যুবক নিহত হন। তার আনুমানিক বয়স হবে ৩০ থেকে ৩৫ বছর।
ওসি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন জানান, ঘটনাস্থল দিয়ে মোটরসাইকেল আরোহী তিন যুবক পুলিশের তল্লাশি চৌকি পার হচ্ছিল। পুলিশ সিগন্যাল দিলে তারা মটরসাইকেল না থামিয়ে গতি বাড়িয়ে দেন। পরে যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
ওই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হন। অপর দুজন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
ডিবির এই পরিদর্শকের দাবি, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
ঢামেক সূত্র জানায়, খিলগাঁও থানা পুলিশ রাত পৌনে ৩টার দিকে নিহত ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে। এখন সেখানেই তার মরদেহ রয়েছে।


