গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন।
বুধবার সকালে উপজেলার এসসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাছ ও তরকারি বোঝাই একটি পিকআপ ভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এসসি বাজার এলাকায় একটি ট্রাকের পেছনের দিকে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের ভ্যানের চালক ও দুই ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে দুই ব্যবসায়ী।
পুলিশ জানায়, আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিনজনের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।


