শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় হাতির আক্রমণে হাজী রুস্তম আলী (৭০) নামের এক কৃষক নিহত হন। এসময় আহত হন ওই ব্যক্তির ছেলে নিয়ামত আলী (২৮)।
বুধবার ভোর রাতে উপজেলার কাংশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী একই ইউনিয়নের গুরুচরণ দুধনই গ্রামের মৃত আয়েত আলী মুন্সীর ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ওই কৃষকের পরিবার বিনা ময়নাতদন্তে মৃতদেহ দাফনের আবেদন করেছেন।’
পুলিশ ও স্থানীয়রা জানায়, সেহরির কিছুক্ষণ পর ক্ষুধার্ত একপাল হাতি ওই কৃষকের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের তাড়াতে ঘর থেকে বের হলে হাতির পাল তাকে আক্রমণ করে। একপর্যায়ে বৃদ্ধ ওই কৃষককে উন্মত্ত একটি হাতি পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাবাকে বাঁচাতে এগিয়ে এসে ছেলে নিয়ামত গুরুতর আহত হন।


