বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিন: দিলীপ বড়ুয়া

dilipঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বলেন, শ্রমিকদেরও ঈদ আছে। তারা যেন ভালোভাবে সবার সঙ্গে ঈদ উৎযাপন করতে পারে সেটি গার্মেন্টস মালিকদের ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঈদুল ফিতর উপলক্ষে ২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে এবং ঘরমুখি বাস-ট্রেনের যাত্রীর দুর্ভোগের প্রতিবাদে’এক মানববন্ধনে তিনি এই দাবি জানান। মানববন্ধনটির আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) ঢাকা মহানগর।

দিলীপ বড়ুয়া বলেন, সারা বছর কাজ করে আমরা যেমন চাই সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে।তেমনিভাবে শ্রমিকরাও চাই সবার সঙ্গে ঈদ করতে।

তিনি বলেন, প্রতি বছর ঈদের সময় একটি স্বার্থমহল শ্রমিকদের লেলিয়ে দিয়ে খেলা দেখে। শ্রমিকদের উস্কানি দেয়ার ফলে গার্মেন্টস শিল্পে অস্থিরতা বিরাজ করে। ফলে ঈদের আগে প্রতি বছর দেশে হড্ডগোলের সৃষ্টি হয়। যা সামলাতে সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি ষড়যন্ত্র গোষ্ঠি যারা দেশের শত্রু,মানবতার শত্রু তারা সরকারের সাফল্যকে ম্লান করতে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সকলকে মানবতার শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, যারা শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির পায়তারা করছে তাদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হতে হবে। কেননা তারা চাই না দেশের উন্নয়ন হোক। দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাক। শ্রমিকরা আমাদের দেশের সম্পদ। শ্রমিকদের তৈরি পোশাক আজ বিশ্বব্যাপী সমাদৃত। কাজেই শ্রমিকদের প্রতি সরকারের নজর দিতে হবে।

বাস ও ট্রেনের যাত্রীদের দুর্ভোগ লাঘবে সরকারের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ঈদে প্রতি বছর যাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। এছাড়া টিকিট কেটেও অনেকে বিড়ম্বনার শিকার হন। তাই এবার যেন কোনো ধরনের যাত্রী হয়রানি না হয় সেদিকে সরকারের ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য কমরেড লুৎফুর রহমান, কমরেড অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফনি, কমরেড আবু আহমেদ সাহাবুদ্দিন, কমরেড ধিরেন সিংহ,কমরেড কানাই লাল তালুকদার,শ্রমিক নেতা শামসুদ্দিন,কবি সুনীল নীল,ছাত্র নেতা ইউনুস শিকদারসহ প্রমুখ।

আরও পড়ুন