আশুলিয়ায় জামগড়া এলাকায় সুমন শিকদার (২৮) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সুমন শিকদার দ্য রোজ ড্রেসেস পোশাক কারখানায় দর্জির কাজ করতেন। তিনি আশুলিয়ার জামগড়া এলাকার আফসার আলী শিকদারের ছেলে। তার বাড়ি বরিশাল বাগেরগঞ্জ থানায়।
বুধবার দিনগত রাত ২টার দিকে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, কারখানার কাজ শেষে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে সুমন।
পরে রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হলে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় তার মা আনোয়ারা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।


