কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা জব্দ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, পাচারের জন্য ইয়াবা মজুদের খবর পেয়ে বিজিবির সদস্যরা টেকনাফের নতুন পল্লান পাড়ায় অভিযান চালায়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন পাচারকারী ঝোঁপের ভিতর একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা থেকে পলিথিন মোড়ানো তিনটি বড় আকারের ব্যাগ থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। ওই ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা। ইয়াবাগুলো বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে।


