ঈদুল ফিতরের আগে সব শ্রমিকদের প্রাপ্ত বেতন-ভাতা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি মিলনায়তনে দোকান শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আইউব আলী চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ‘প্রতিবার ঈদের আগে অসংখ্য শ্রমিক বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়। কিছু অসাধু মালিকদের কারণে এসব শ্রমিকদের পরিবারে ঈদের আনন্দ মলিন হয়ে যায়। এবারের ঈদে এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না।’
চরমোনাই পীর বলেন, ‘শ্রমিক অধিকার আদায়ে সরকারকে আরও কঠোর হতে হবে। অসাধু মালিকদেরকে বাধ্য করতে হবে সব শ্রমিকের ন্যায্য পাওনা যেনে মিটিয়ে দেয়। কেউ যদি এবারও শ্রমিকদের বঞ্চিত করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে কোনও শ্রমিক কখনোই বঞ্চিত হবে না’ বলে মন্তব্য করেন তিনি।
ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘বিশ্ব সভ্যতা বিনির্মাণে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। যে দেশ শ্রমিকদের মর্যাদা দিতে পেরেছে সে দেশ তত বেশি উন্নত হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষবাদ শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে মালিক শ্রমিকের দূরত্ব যেমন কমে আসবে তেমনি প্রতিষ্ঠা হবে সুশাসন।’
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয়সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল প্রমুখ।


