বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে খুন

zoni-murder-jug_17341_1466829775সাতক্ষীরার তালায় গরু ব্যবসায়ী কাজী আবুবকর সিদ্দিক জনিকে (৩৮) বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে বাড়ির কাছাকাছি একটি পাটক্ষেত থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল।

নিহত জনি ওই গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে।

শুক্রবার রাতে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের ভাই কাজী রনি বলেন, রাত ১০টার দিকে কে বা কারা ভাইকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকেই আমরা ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। তার মোবাইল ফোনও বন্ধ ছিল।

শনিবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পাটক্ষেতের আড়ালে ভাইয়ের লাশ পড়ে থাকার খবর পাই। পরে থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, জনিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবসা অথবা অন্য কোনো কারণে শত্রুতাবশত তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

তিনি জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহত জনির লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন