পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর গুরুত্বপূর্ণ জার্মানি সফর শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। তিন দিনের সফরে আজ রোববার তার জার্মানি যাওয়ার কথা ছিল। ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটের রায়ের পর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে দারুণ ব্যস্ত জার্মান নেতারা। তাই জার্মানির অনুরোধে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সফর স্থগিত করা হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী প্রথমদিনে অর্থাৎ আজ রোববার জার্মানির হামবুর্গে ব্যবসায়ী সম্প্রদায় ও নগরীর মেয়রের সঙ্গে বৈঠকে বসার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি মোতাবেক, হামবুর্গ থেকে ২৭ জুন বিকালে মাহমুদ আলীর বার্লিন যাওয়ার কথা। বার্লিনে ২৮ জুন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়ালটার স্টেইনমেইয়ারের বৈঠকের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু গণভোটে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে রায় হওয়ার পর জার্মানির পার্লামেন্ট জরুরি অধিবেশন ডেকেছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বিভিন্ন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী স্টেইনমেইয়ারকে দৌড়াতে হচ্ছে। এ সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় করতে পারছেন না জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। ফলে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও মাহমুদ আলীর জার্মানি সফর স্থগিত করতে হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর জার্মানি সফর স্থগিত হওয়ায় দেশটির সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা আপাতত সম্ভব হচ্ছে না। বিশেষ করে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটারে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে। জুলাইয়ে আসন্ন ‘এশিয়া ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলনে এই দুই নেতার বৈঠকের সম্ভাব্য এজেন্ডা নিয়ে আলোচনার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে। জাপানের ইসে সিমায় জি-৭ আউটরিচ সম্মেলনের সাইডলাইনে মার্কেলের সঙ্গে শেখ হাসিনার বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হচ্ছিল। তখনই জার্মানির পক্ষ থেকে বলা হয় যে, উলান বাটারে দু’নেতা বৈঠক করবেন।
তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় অভিবাসনসংক্রান্ত ‘গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (জিএফএমডি) সম্মেলনে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের বাংলাদেশ সফর আয়োজনের চেষ্টা চলছে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ের প্রস্তুতিসংক্রান্ত বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর জার্মানি সফরে আলোচনার কথা ছিল। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সফরটি স্থগিত হয়ে যাওয়ায় এসব আলোচনা সম্ভব হচ্ছে না। তবে পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি সফর পরে যে কোনো সময় হওয়ার সম্ভাবনা রয়েছে।


