ক্ষমতাসীন সরকারের জবাবদিহিতা নেই বলেই দেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেন, ‘বিএনপি আবার ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ আর গুম হবে না, বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার বন্ধ করা হবে। বিনা বিচারে কাউকে আটক রাখা হবে না। তবে যদি তা করতে না পারি তাহলে জনগণ ধিক্কার দেবে।’
“বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল। বিএনপি উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। বরং উগ্রবাদ ও জঙ্গিবাদকে ঘৃণা করে।”
রাজধানীর ইঞ্জিনির্য়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার দুপুরে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আলোচনা সভার আয়োজন করে।
মওদুদ বলেন, ‘বর্তমানে দেশে যে সরকার রয়েছে তাদের কোনো জবাবদিহিতা নেই। যে যা খুশি তাই করছেন। জবাবদিহিতার অভাবে দেশে একদিকে গুম, খুন, হত্যা অন্যদিকে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে একমাত্র পথ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন।’
মওদুদ আহমদ বলেন, ‘আজকে শুধু শহরে নয়; প্রতিটি গ্রামে একই নির্যাতনের চিত্র। অথচ আপনারা কথায় কথায় সন্ত্রাস দমনে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে থাকেন। কিন্তু এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে পারেননি। তাই এ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা প্রমুখ।
এ ছাড়া বক্তব্য দেন- বিগত দিনে আন্দোলন করতে গিয়ে গুম হওয়া ছাত্রদলের নিজামউদ্দিন মুন্নার বাবা শামসুদ্দিন আহমেদ, খালেদ হাসান সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা, বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বড় বোন আঁখি এবং গুম হওয়া থেকে ফিরে আসা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।


