বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দেশ ছাড়লেন সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলতে শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এমিরেটসের একটি ফ্লাইটে রাত ৮টায় ঢাকা ত্যাগ করেন তিনি। যাওয়ার আগে ফেসবুক ফ্যানপেজে নিজের একটি ছবি পোস্ট করে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।

সিপিএলে সাকিব এবার খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। প্লেয়ার্স ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে ভেড়ায় জ্যামাইকা। জ্যামাইকার দলটিতে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, লংকান গ্রেট কুমার সাঙ্গাকারা, পেসার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল, পাকিস্তানের ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটারকে।

২৯ জুন সিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠবে। সাকিবদের দলের প্রথম ম্যাচ ২ জুলাই সেন্ট কিটসের বিপক্ষে।

২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন সাকিব। পরের বার অনাপত্তিপত্র নিয়ে বোর্ডের সঙ্গে জটিলতায় না খেলেই দেশে ফিরতে হয়েছিল সাকিবকে।

গত আসরে বাংলাদেশ দলের সিরিজ থাকায় সিপিএল খেলা হয়নি সাকিবের।

আরও পড়ুন