বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা সত্ত্বেও এক মোটরসাইকেলে ৪ জন, চালক পুলিশ

police----সাদ্দাম হোসেন, বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি.কম।

‘দেশের সকল সড়ক মহাসড়কে মোটরসাইকেলে দুই জনের বেশি আরোহন করা যাবে না’ সরকারের এই সিদ্ধান্ত পুলিশ কঠোরভাবে বাস্তবায়ন করছে। তবে এর মধ্যেই রোববার ব্যতিক্রমী একটি চিত্র দেখা গেল ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে।

একটি মোটরসাইকেলে চালকের সঙ্গে চড়েছেন মোট চারজন। ওই ছবিতে দেখা যাচ্ছে, একে তো চারজন চড়েছেন, তার ওপর চালক পুলিশের মাথায় হেলমেটও নেই। এ ছাড়া সঙ্গী একজন পুরুষ ও দুইজন নারী আরোহীর কারও মাথায়ই হেলমেট নেই।

ছবিতে আরও দেখা গেছে, চালক পুলিশের সামনে একজন তরুণী বসে যাচ্ছেন।

ছবি তোলার আগে ও পরে মোটরসাইকেল চালক ওই পুলিশকে থামানোর জন্য দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি থামেননি। এ কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে গত ৬ জুন সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, মোটরসাইকেলে দুইজনের বেশি চড়া যাবে না।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোটরসাইকেলে দুইজনের বেশি যাত্রী চড়া নিয়ন্ত্রণ এবং বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের ক্ষেত্রে কোন রকমের আপস করা হবে না। স্

বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঘোষণা দিয়েছিলেন, এখন থেকে মোটরসাইকেলে দু’জনের বেশি বসা যাবে না। তিনজন মোটরসাইকেলে চড়লে বাধা দেওয়া হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রের খবর, একটি মোটরসাইকেলে সর্বমোট চালকসহ মোট দুজন চলাচল করতে পারবেন। এক মোটরসাইকেলে এর বেশি যাত্রী থাকলে সেটা বেআইনি।

মোটরযান আইন ১৯৮৮ (সংশোধনী) অনুসারে, চালক ও যাত্রী দুজনের মাথায় অবশ্যই হেলমেট থাকতে হবে। এ ছাড়া হাতে গ্লাভস ও পায়ে জুতা পরে তবেই চালকের আসনে বসতে হবে। এসব আইন না মেনে মোটরসাইকেল চালালে পুলিশ যেকোনো সময় মামলা করে দিতে পারে।

আইনের ১৪০ ও ১৪৯ ধারা অনুসারে এই মামলা করা হয়, যেখানে ১৪০ ধারায় আদেশ অমান্য করার অভিযোগে মামলায় ডিএমপিতে ৪০০ টাকা আর জেলায় ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১৪৯ ধারায় বলা হয়, নিরাপত্তাহীন অবস্থায় গাড়ি চালানোর অপরাধে মামলা। এই মামলা ডিএমপির মধ্যে হলে ২৫০ টাকা ও জেলার ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন