সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী নাগিনা মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে হেলিকপ্টারে করে দিনাজপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
রোববার উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে দিনাজপুরের দশমাইলে প্রাইভেটকারে সৈয়দপুর বিমানবন্দর যাওয়ার পথে মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী নাগিনা মাহবুব ভটভটির সঙ্গে সংঘর্ষে আহত হন।
সন্ধ্যায় দিনাজপুর শহরের জিয়া হার্ট ফাউন্ডেশনে তাঁদের ভর্তি করা হয় বলে জানান ফাউন্ডেশনের সহসভাপতি এ কে আজাদ।
এ দিকে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান আজ বিকেলে জানান, মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী নাগিনা মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা হেলিকপ্টারযোগে দিনাজপুর থেকে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এখন আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।


