অস্ত্র মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির জামিনের মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট তার জামিনের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেন। এখন রনির মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী শ ম রেজাউল করিম।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ১৩ জুন বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রনিকে পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত বা ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।
এরপর ১৯ জুন রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও তখন রনির মুক্তি মেলেনি। এরপর হাইকোর্টে আবারও জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদন করেন রনি।
গত ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে রনিকে অস্ত্রসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে তাকে দুই বছরের কারাদণ্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।


