টঙ্গীর এরশাদ নগর এলাকায় জোড়া খুনের ঘটনায় আশুলিয়া থেকে মূল পরিকল্পনাকারী কামরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার ডেন্দাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন- জোড়া খুনের মূল পরিকল্পনাকারী কামরুল ইসলাম, মোবারক হোসেন, মো. সাগর, মো. নাজমুল ইসলাম, মোহাম্মদ আলী। এরা সবাই টঙ্গীর এরশাদ নগর এলাকার বাসিন্দা বলে জানান র্যাব-১ এর এডিশনাল এসপি মহিউল ইসলাম।
তিনি বলেন, টঙ্গীর এরশাদ নগর এলাকায় জোড়া খুনের ঘটনার পর ওই পাঁচজন আশুলিয়ার ডেন্দাবর এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যেমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ মে শনিবার দিনগত রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় আলাউদ্দিনের ছেলে শরীফ হোসেন ও একই এলাকার হারুন খানের ছেলে জুম্মন মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এর পর দিন রোববার রাতেই মামলায় বিএনপি নেতা কামরুল ইসলামকে প্রধান আসামি করে ১২ জনের নাম উলে¬খসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়। রাত ১১টার দিকে টঙ্গী থানায় মামলাটি দায়ের করেন নিহত শরিফ হোসেনের মা ইয়ানুর বেগম।
নিহত শরীফ হোসেন টঙ্গীর স্থানীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ৪৯ নং ওয়ার্ড সভাপতি ছিলেন। আর নিহত জুম্মন ছিলেন শরীফের সহযোগী। জুম্মন স্থানীয় এলাকায় অটোচালক হিসেবে পরিচিত।


