ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না থাকার বিষয়ে যুক্তরাজ্যে গণভোটের পর এই প্রথম দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংগঠনটির নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন। খবর বিবিসির।
মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বৈঠক হবে। বৈঠকে ব্রেক্সিটের (ব্রিটেন+এক্সিট) বাস্তবায়ন নিয়ে ইইউ নেতাদের সঙ্গে ক্যামেরনের আলোচনা হতে পারে।
গতকাল সোমবার জার্মানি, ফ্রান্স ও ইতালির ইইউ নেতারা বলেন, এ পর্যায়ে ব্রেক্সিট নিয়ে কোনো ‘আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক’ আলোচনা নাও হতে পারে।
ডেভিড ক্যামেরন প্রথমে সাক্ষাৎ করবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লুদ ইয়ুঙ্কারের সঙ্গে। এরপর ইইউ নেতাদের সঙ্গে নৈশভোজেও অংশ নেবেন তিনি।
ব্রাসেলসে ইইউ সম্মেলনকে সামনে রেখে ক্যামেরন এই সাক্ষাৎ করবেন।
ক্যামেরন সোমবার মন্ত্রিসভার বৈঠকে বলেন, যুক্তরাজ্যের ইইউ ছাড়ার প্রাথমিক কাজগুলো করতে সরকারের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।
গণভোটে দেশের মানুষ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এ নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার জন্য তার দেশ এখনো প্রস্তুত নয়। কিন্তু যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার প্রস্তাব না দেয়া পর্যন্ত এগোতেও রাজি নন ইইউর নেতারা।
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ক্যামেরন আরও বলেন, ইইউ থেকে বের হয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে তারা প্রস্তুত নন।
তিনি বলেন, ‘সেটি শুরু করার আগে আমাদের ঠিক করা দরকার, ইইউয়ের সঙ্গে আমাদের সম্পর্কের ধরনটা কেমন হবে।’
ইতিমধ্যেই নিজের পদত্যাগ ঘোষণাকারী ক্যামেরন বলেন, তার স্থলাভিষিক্ত যিনি হবেন, তিনিই এ সম্পর্কের বিষয়টি নির্ধারণ করবেন।
এ ছাড়া ইইউতে থাকার পক্ষে লোকজন দ্বিতীয় গণভোটের যে দাবি তুলেছেন, তা নাকচ করে দেন ক্যামেরন।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের ঐতিহাসিক গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দেন ৫২ শতাংশ ব্রিটিশ নাগরিক।


