বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকারি দলের লোক হওয়ায় ক্ষমা পাচ্ছে খুনিরা: বিএনপি

7.-rizviক্ষমতাসীন আওয়ামী লীগের লোক হওয়ায় চিহ্নিত খুনিরাও রাষ্ট্রপতির ক্ষমা পাচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে বলেন, “একদিকে অসংখ্য চিহ্নিত হত্যাকারী ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে রাষ্ট্রপতির ক্ষমা লাভ করছে। অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে ঢোকানো হচ্ছে।

“হায় কী সেলুকাস! কী বিচিত্র এই দেশ! এভাবে দেশে আইনের দুইরকম প্রয়োগ চলছে।”

রাজশাহীর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “অথচ অস্ত্রসহ আটক হয়েছিল চট্টগ্রাম ছাত্রলীগ নেতা রনী, গতকাল তাকে মুক্তি দেওয়ার পর ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে।”

ঈদের আগে ভীতি ছড়িয়ে সরকারি দলের ‘ক্যাডাররা’ সারা দেশে ‘চাঁদাবাজি’ করছে বলে সকালে নয়া পল্টনে দলের কার্যালয়ে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলেন রিজভী।

“অফিস-আদালত-দোকানপাট, ব্যবসা-বাণিজ্য সর্বত্র আওয়ামী চাঁদাবাজিতে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। জবরদস্তিমূলক সরকার রক্তপিপাসু জীব হয়ে রাষ্ট্রযন্ত্রের ড্রাইভিং সিটে বসে।”

দেশের জনগণ ‘অবৈধ সরকারের’ দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, “সেজন্য ক্ষমতা জোর করে টিকিয়ে রাখতে ভারতের সমর্থন পাওয়ার জন্য তাদের কাছে দেশকে ক্রমান্বয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিতে একের পর এক পদক্ষেপ বাস্তবায়িত করা হচ্ছে।

“বাংলাদেশে দুঃশাসনের রথচক্র অব্যাহত গতিতে চালানোর জন্য একমাত্র ভারতের সাথেই ‘প্যাকেজ প্রোগ্রাম’ই হচ্ছে শেখ হাসিনা সরকারের টিকে থাকার নিশ্চয়তা।”

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন