কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায় বিবেকানন্দ পাঠাগার ও মন্দিরের সেবায়েত পলাশ চক্রবর্তী শোলকের (৪৬) ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত সেবায়েত পলাশ চক্রবর্তী শোলক জানান, তিনি মন্দিরের পাশের একটি বাড়িতে থাকতেন। ঘটনার সময় রাত ১টার দিকে বসতঘরের টিনের দরজায় কড়া নাড়ার শব্দে তিনি বেরিয়ে আসেন। এ সময় মুখ বাঁধা অপরিচিত এক ব্যক্তি সঙ্গে থাকা দুই সহযোগীকে নিয়ে তাঁর গলা চেপে ধরে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কাছে থাকা একটি শাবল নিয়ে তিনি প্রতিহতের চেষ্টা করেন এবং তাঁকে বাঁচাতে চিৎকার করতে থাকেন। ধস্তাধস্তির সময় হামলাকারীর হাতে থাকা চাপাতির আঘাতে তাঁর বা হাত সামান্য জখম হয়। পরে বিপদ আঁচ করতে পেরে ওই তিন দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়।
আজ শনিবার দুপুরে ঘটনাটি জানাজনি হলে জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় শংকর রায়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেবায়েত পলাশের বাড়িতে উপস্থিত হন।
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, সেবায়েত পলাশসহ অন্যান্য মন্দিরের পুরোহিতদের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, ঘটনাটি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বিজয় শংকর রায় সেবায়েতের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উৎকণ্ঠা জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


