বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশানে জঙ্গি হামলায় ৭ জাপানি নিখোঁজ

Gul-4বাংলাদেশের রাজধানী ঢাকার হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনায় ৭ জাপানি নাগরিক নিখোঁজ হয়েছেন বলে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছে। কেবিনেটের প্রধান সহকারী সচিব কইচি হাগিউদা শনিবার এক বিবৃতিতে জানান, হামলার সময় জাপানের আটজন নাগরিক ওই রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

জাপানের এক নাগরিককে উদ্ধার করা হলেও সাতজন এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরো বলেন, জাপানের যে নাগরিককে পুলিশ উদ্ধার করেছে তাকে গুলি করা হয়েছিল। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। আহত ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওই আটজন বিভিন্ন কোম্পানিতে কর্মরত ছিলেন। তারা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির একটি প্রজেক্টের কাজে ওই রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যার পর গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কে ৫নং বাসার দ্বিতীয় তলায় হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। রেস্টুরেন্টে প্রবেশের সময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। এসময় পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়। তখনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন, ডিবির এসি রবিউল ইসলাম, পুলিশের দুই কনস্টেবল, একজন মাইক্রোবাসচালকসহ ২০ জনের বেশি। গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন এসি রবিউল ও ওসি সালাউদ্দিন।

আরও পড়ুন