গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে সন্ত্রাসী হামলাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ-সন্ত্রাসের শেকড় (রুট) খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন।
রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ ঘোষণা দেন। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, ‘রেস্তোরাঁয় সন্ত্রাসী কার্যক্রমে অপরাধীদের যারা অস্ত্র ও বিস্ফোরক দিয়েছে, আমরা তাদের শেকড় খুঁজে বের করব।’
তিনি জানান, সরকার জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। সম্প্রতি দেশে গুপ্তঘাতকরা সেবায়েত, ফাদার এবং চার্চদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইতিমধ্যে এসব ঘটনায় জড়িত অনেককে সরকার গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ সময় জাপানের প্রতিমন্ত্রী গুলশানের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আসায় শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানান।
কিহারা বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশের পাশে থাকবে জাপান।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কিহারা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী গুলশানে হামলার সঙ্গে সম্প্রতি ফ্রান্স, বেলজিয়াম, জাপান ও ভারতের হামলার যোগসূত্রের কথা উল্লেখ করেন।
বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানবে প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নিহতদের মধ্যে ৭ জন জাপানি বলে নিশ্চিত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের ৯ জন ইতালীয় নাগরিক। এছাড়া নিহতদের মধ্যে একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি রয়েছেন।
জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নাগরিকদের মধ্যে ৫ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। তবে চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা নিহতদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি জানিয়েছেন নিহতদের সাতজনই উন্নয়ন সংস্থা জাইকার একটি প্রকল্পের হয়ে বাংলাদেশে কাজ করছিলেন।
তবে জাপানের সংবাদমাধ্যম জাপান টাইমসে নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন- কাটাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের কর্মী কোয়ো ওগাসাওয়ারা, আলমেক করপোরেশনের কর্মী মাকোতো ওকামুরা, আলমেক করপোরেশনের কর্মী ইউকো সাকাই এবং আলমেক করপোরেশনের আরেক কর্মী রুই শিমোদারিয়া। বাকি তিনজন ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল এর হয়ে কাজ করতেন বলে জানিয়েছে জাপান টাইমস।


