সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানের ঘটনার পর রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেছেন।
বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “বাংলাদেশি সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানান প্রেসিডেন্ট ওবামা।”
ইহসানুল বলেন, জন কেরি জঙ্গিবাদ–সংশ্লিষ্ট তথ্য দিয়ে সহায়তা করার কথাও বলেন। জবাবে শেখ হাসিনা জন কেরিকে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় তাঁর সরকার পুলিশের ‘কাউন্টার টেররিজম ইউনিট’ গঠন করেছে। বাংলাদেশের পাশে থাকার জন্য বারাক ওবামাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


