ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সজল (২০) মোল্লারহাটের কামদেবপুর গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে ও নলছিটি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সজলকে ওই এলাকার মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর নিয়ে পায়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
চিকিৎসকদের ধারণা, দুর্বৃত্তরা খুব কাছ থেকে সজলের পায়ে গুলি করেছে।পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এম মাহাম্মুদ বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


