বাংলাদেশে আবারও হামলার হুমকি দিয়ে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) বরাত দিয়ে যে ভিডিও বিতর্কিত সাইট ইন্টেলিজেন্স গ্রুপ প্রকাশ করেছে; সে ভিডিও’র তিন তরুণের মধ্যে দুজনের পরিচয় উঠে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বন্ধু-বান্ধব বা পরিচিতরা তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করার দাবি করছেন। তবে একজনের মুখমণ্ডল ঢাকা থাকায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে তিন তরুণ বাংলায় ও ইংরেজিতে কথা বলছে। ভিডিওটি কোথায় ধারণ করা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে সাইটের ভাষ্য এটি আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাজধানী রাকা থেকে প্রকাশ করা হয়েছে।
ভিডিও’র প্রথম তরুণের পরিচিতজন ও বন্ধুরা ফেসবুকে তার পরিচয় প্রকাশ করেছেন। ফেসবুকে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম তরুণ আগে বাংলাদেশের বেসরকারি মোবাইল ফোন কম্পানি গ্রামীণফোনে চাকরি করেছে। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংগীতবিষয়ক রিয়েলিটি-শো ‘ক্লোজআপ ওয়ানের’ প্রথম সিজনের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল তার। ক্লোজআপ ওয়ানে তার গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ এ গানটি সেই সময় শ্রোতাদের মন ছুঁয়ে যায়। সেই গানটির ভিডিও ইউটিউবে এখনও রয়েছে। সেই ভিডিওটির শেয়ার দিচ্ছেন পরিচিতরা।
ভিডিও’র তৃতীয় তরুণের পরিচিতজন ও বন্ধুরা ফেসবুকে দাবি করছেন, তৃতীয় তরুণ ২০১৪ সাল থেকে নিখোঁজ। সে ছিল বিআইএস-এর ইংরেজি ভার্সনের সাবেক ছাত্র। নিখোঁজ হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
কোনো একটি ব্যস্ততম রাস্তায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রথম তরুণ বাংলা ও ইংরেজিতে বক্তব্য রাখছে। সে বলছে, গুলশানের হামলা ছিল ঝলক মাত্র। এমন ঘটনা আরো ঘটবে।
ভিডিওতে এক তরুণকে বলতে শোনা যায়, ‘শেখ আদনানির’ নির্দেশে তারা ‘খ্রিষ্টান, ইহুদি, ক্রসেডার ও তাদের মিত্রদের’ বিরুদ্ধে এ যুদ্ধ করছে এবং তা কোনোভাবেই ‘কৌতুক নয়’।


