বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররমের ভেতরে সেনা মোতায়েন

Baitulগুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার জের ধরে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে স্বশস্ত্র সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া বায়তুল মোকাররমের বাইরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। তাদের তল্লাসি শেষেই মসুল্লিরা মসজিদটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররমে যোহর নামাজ পড়তে আসা মুসল্লিদের তল্লাসি করছে পুলিশ। এরপর মসজিদের ভেতরে প্রবেশের সময় দরজার মুখেই মুসল্লিদের আরেক দফা তল্লাসি করছেন সশস্ত্র সেনা সদস্যরা।

বায়তুল মোকাররমের এই অভূতপূর্ব নিরাপত্তার ব্যাপারে জানতে যোগাযোগ করলে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে জাতীয় মসজিদে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে। জামায়াত সম্পন্ন হওয়া পর্যন্ত সেনা সদস্যরা বায়তুল মোকাররমের ভেতরে দায়িত্ব পালন করবেন।

এদিকে ঈদুল ফিতরের ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ ২০ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়াও মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক র‍্যাব সদস্যকে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, সব গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষত কূটনৈতিক এলাকা, বিমানবন্দর, শপিংমল এবং ভিআইপি এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন