শোলাকিয়ায় পুলিশ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেছেন, গুলশানের সন্ত্রাসী ঘটনার রেশ কাটতে না কাটতেই শোলাকিয়ায় ঈদের জামাতের পাশে সন্ত্রাসী হামলায় পুলিশ নিহতের ঘটনায় আমরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। সকল সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা এবং যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বি চৌধুরী বলেন, পবিত্র ঈদের দিনে বোমা মেরে পুলিশ হত্যার ঘটনার খবর জেনে আমরা দুঃখিত ও মর্মাহত হয়েছি। কয়েকদিন আগেও গুলশানে সন্ত্রাসী হামলা চালিয়ে বিদেশীসহ অনেক মানুষকে হত্যা করা হয়।’
বিবৃতিতে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
বৃহস্পতিবার ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে তল্লাশির সময় হামলা চালায় সন্ত্রাসীরা। পরে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলিতে ২ পুলিশ সদস্য, এক নারী ও এক হামলাকারী নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন অারও অন্তত ১০ জন, যাদের মধ্যে ছয় পুলিশ সদস্যের অবস্থা সংকটাপন্ন।


