বিএনএ জোটে সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তাকে গুরুত্ব দেবেন না।’
সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।
নাজমুল হুদা ১৪ দলীয় জোটের নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা খালেদা জিয়াকে নিয়ে এত কথা বলেন কেন, আমি বুঝি না। তাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওনার কিছু করার ক্ষমতা নেই। যদি করার ক্ষমতা থাকত, তাহলে অনেক আগেই করত। তাকে গুরুত্ব না দিয়ে আপনারা কর্মসূচি নিয়ে এগিয়ে যান।’
জঙ্গিবাদ মোকাবিলায় অস্ত্র হবে সংস্কৃতি, এ দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রাক্তন এই বিএনপি নেতা বলেন, ‘আপনার মন্ত্রিসভায় আসাদুজ্জামান নূর আছে, তারানা হালিম আছে। এ ছাড়াও এমপি আছে মমতাজ বেগম। আরো আছে সারাহ বেগম কবরী। এরা সবাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আজ যুবকদের বেহেস্তে যাওয়ার কথা বলে বিপথে নিয়ে যাচ্ছে। তাই আজকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কবিতা, গান রচনা করতে হবে।’


