বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তাজউদ্দিনের ফেরার অপেক্ষায় মা

tttttttttগুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ যে ১০ যুবকের তালিকা আসে, তার একজন লক্ষ্মীপুরের এ টি এম তাজউদ্দিন কাউসার। এটিএম তাজউদ্দিন নাগরিকত্ব নিয়ে সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকত। সর্বশেষ তাজ ২০১৩ সালে অসুস্থ বাবাকে দেখতে দেশে আসে। এরপর মাঝে মধ্যে অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে মায়ের খবর নিত।

গত ১ জুলাই গুলশানে হামলাকারী যুবকদের কয়েকজন বেশ আগে থেকে পরিবার থেকে নিখোঁজ থাকার তথ্য প্রকাশ হওয়ার পর আরও ১০ যুবকের নিখোঁজ থাকার খবর দেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তাতে লক্ষ্মীপুরের তাজউদ্দিনের (পাসপোর্ট নম্বর- এফ ০৫৮৫৫৬৮) নাম ছিল।

বিভিন্ন সংবাদ মাধ্যমে নিখোঁজ ১০ তরুণের মধ্যে তাজের ছবি দেখে উদ্বিগ্ন হয় তার মা। উপায় না পেয়ে গত শনিবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

তাজের পরিবারের সদস্যরা জানান, তাজের জন্ম ১৯৮১ সালের ১ মার্চ সদর উপজেলা আটিয়াতলী গ্রামে। পড়তেন বাড়ির পাশে আটিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউ) থেকে ২০০৬ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে অধ্যায়নরত অবস্থায় (বিএসসি) স্কলারশিপ নিয়ে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান তিনি।

দ্য নিউ সাউথওয়েলস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার একটি কোম্পানিতে সিনিয়র কনসালট্যান্ট পদে চাকরি নেন। ওই সময়ে তিনি নোভা হাসান নামে অস্ট্রেলিয়া প্রবাসী এক মেয়েকে বিয়ে করে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন।

জানা গেছে, তাজের ছয় বছর বয়সি এক ছেলে ও চার বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে।

সর্বশেষ ২০১৩ সালে তাজ অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে আসেন এবং এক সপ্তাহ পর ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান। ওই বছরের ১৬ সেপ্টেম্বর বাবা আবদুল্লাহ ভূঁইয়া মারা যান। প্রায় এক বছর পর তাজ অপরিচিত ফোন নম্বর থেকে বাড়িতে ফোন করলে বাবার মৃত্যুর বিষয়টি তাকে জানানো হয়।

তাজের মা তাহেরা বেগম বলেন, ২০১৩ সালে বাড়ি থেকে চলে যাওয়ার পর তাজ পরিবারের সদস্যদের সঙ্গে খুব কমই যোগাযোগ করতে থাকে। এমনকি দেশে টাকা পাঠানোও বন্ধ করে দেয় সে।

গত রমজান মাসের কয়েকদিন আগে তাজ শেষবারের মতো বাড়িতে ফোন দিয়ে মায়ের সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

তাজের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান খোকন বলেন, প্রাইমারি স্কুলে পড়ার সময় তাজ খুব লাজুক ছিল। তার মধ্যে কোনো অহংকার কিংবা প্রতিহিংসা ছিল না। কি কারণে তাকে নিয়ে কথা উঠছে, তা ভেবে পাচ্ছি না। তার মধ্যে কখনো কোনো উগ্রবাদী চিন্তা আমি দেখিনি। হঠাৎ সংবাদমাধ্যমে তার নিখোঁজ হওয়ার বিষয়টিতে আমি হতাশ।

প্রতিবেশী মো. কবির আহম্মেদ বলেন, ছোট থেকেই তাজ নিয়মিত নামাজ পড়ত। কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। মুরুব্বিদের খুবই সম্মান করতো সে।

এ বিষয়ে লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাজের মা উদ্বিগ্ন হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি জিডি করেন। আমরা এটিএম তাজউদ্দিনের বিষয়ে খোঁজখবর নিয়েছি। তিনি ২০০৬ সালে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া পাড়ি জমান। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। তাজ বর্তমানে কোথায় আছেন, তা আমাদের জানা নেই। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, রাজধানীর গুলশান এলাকায় হলি আর্টিজান বেকারিতে ১ জুলাই জঙ্গি হামলার পর নিখোঁজ ১০ জন তরুণের পাসপোর্ট নম্বরসহ ছবি প্রকাশ করে বাংলাদেশ সরকার। এই নিখোঁজ ১০ তরুণের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া লক্ষ্মীপুরের এটিএম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর ০৫৮৫৫৬৮) একজন।

আরও পড়ুন