সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা অর্জনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে সহায়তা নেওয়া দরকার তা জানাবে।
সোমবার বিকেল তিনটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন।
এর আগে মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এরপর মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নিশা দেশাই, মার্শা বার্নিকাট ছাড়াও র্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত আনন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সোমবার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নিশা দেশাই সাম্প্রতিক জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশি জনগণের সঙ্গে তারাও শোকাহত। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরন্তর প্রচেষ্টাকেও সাধুবাদ জানান তারা।


